বিশ্বজুড়ে শিশুদের জীবন বাঁচাতে এডিনবার্গের চ্যারিটির কাজ পরিদর্শনে ফয়ছল চৌধুরী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ১০:২৪ এএম

Council of Bangladeshis in Scotland
বিশ্বজুড়ে শিশুদের নিরাপদ ও জীবন রক্ষাকারী অস্ত্রোপচারের সুযোগ করে দিতে স্কটিশ দাতব্য সংস্থা ‘কিডস অপারেটিং রুম’ (KidsOR)-এর অসামান্য কাজের ভূয়সী প্রশংসা করেছেন স্কটিশ পার্লামেন্ট সদস্য ফয়ছল চৌধুরী এমবিই। সম্প্রতি সংস্থাটির এডিনবার্গের অফিস পরিদর্শনকালে তিনি এই মানবিক ভূমিকার কথা তুলে ধরেন।

ফয়ছল চৌধুরী পরিদর্শনকালে কিডসওআর টিমের সঙ্গে সাক্ষাতে বিশ্বজুড়ে শিশুদের সার্জিক্যাল কেয়ারের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। ২০১৮ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি নিম্ন ও মধ্যম আয়ের ৩৮টি দেশে ইতোমধ্যে ১২৫টি বিশেষায়িত শিশু অপারেশন থিয়েটার স্থাপন করেছে। এর মাধ্যমে আফ্রিকা, দক্ষিণ এশিয়া ও লাতিন আমেরিকার প্রায় ৭ লক্ষ ৮০ হাজার শিশুর অস্ত্রোপচারের সক্ষমতা তৈরি হয়েছে।

ফয়ছল চৌধুরী এমএসপি বলেন, “শুধুমাত্র জন্মস্থানের কারণে কোনো শিশু জীবন রক্ষাকারী চিকিৎসা থেকে বঞ্চিত হওয়া উচিত নয়। স্কটল্যান্ডের এই দক্ষতা ও প্রতিশ্রুতি বিশ্বজুড়ে শিশুদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে সাহায্য করছে, যা সত্যিই অনুপ্রেরণাদায়ক।” উল্লেখ্য, কিডসওআর কেবল সরঞ্জাম পাঠায় না, বরং স্থানীয় সার্জনদের প্রশিক্ষণ ও স্থায়ী অবকাঠামো তৈরির মাধ্যমে একটি স্বনির্ভর স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে।



বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর