বুধবার সচিবালয়ে অফিস করবেন তারেক রহমান

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৫ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে শপথ নেওয়ার পর নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অফিস করবেন বলে জানা গেছে।

এরইমধ্যে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন শপথবাক্য পাঠ করান। এর মাধ্যমে গঠিত হতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। পরে বিকেলে নতুন সরকারের মন্ত্রীরা শপথ নেবেন।

মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে, নতুন সরকার গঠনের পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম কার্যদিবসে মন্ত্রিপরিষদ সদস্যদের সাথে বিশেষ বৈঠক এবং সচিবদের সাথে মতবিনিময় সভা করবেন তিনি।

এছাড়া ওইদিন সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন তারেক রহমান। সেখান থেকে ফিরে দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে তিনি অফিস করবেন। সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন।

সভা শেষে সচিবালয়ে দুপুরের খাবার গ্রহণ করে বেলা ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক করবেন। বৈঠকের কোনো নির্দিষ্ট এজেন্ডা নেই বলে মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে। মন্ত্রিপরিষদ বৈঠক শেষে বিকেল ৪টায় সচিবদের সাথে মতবিনিময় করবেন তিনি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন