বৈচিত্র্যের মাঝে ঐক্যই বাংলাদেশের শক্তি: পার্বত্য উপদেষ্টা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৪:৩৯ পিএম

বৈচিত্র্যের মাঝে ঐক্যই বাংলাদেশের শক্তি বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা।

তিনি বলেন, বাংলাদেশ এক অপরূপ বৈচিত্র্যের দেশ। জাতিগত ও ধর্মীয় এই বৈচিত্র্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। বর্তমান নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার একটি শান্তিকামী, সত্যনিষ্ঠ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। যেখানে প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত হবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় পার্বত্য উপদেষ্টা এসব কথা বলেন।

সুপ্রদীপ চাকমা বলেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে একটি গুণগত পরিবর্তন আনতে চান। আমরা এমন এক দেশ গড়ার স্বপ্ন দেখছি যেখানে ধর্মনিরপেক্ষতা, জনগণের সঙ্গে জনগণের সুসম্পর্ক এবং সামাজিক সংহতি বজায় থাকবে।

তিনি বলেন, আমাদের সরকারের লক্ষ্য হলো একটি শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি করা।

উপস্থিত সকলকে স্বরস্বতী পূজার শুভেচ্ছা জানিয়ে উপদেষ্টা চাকমা বলেন, এই দেশ আমাদের সবার। কেউ এককভাবে বা নিজের খেয়ালখুশি মতো দেশের ক্ষতি করতে পারবে না। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।

বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশংসা করে সুপ্রদীপ চাকমা বলেন, বাংলাদেশ থেকে ভারত ও নেপালসহ এই গোটা অঞ্চল ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, বিশেষ অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম. খালিদ হোসেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণয় ভার্মা, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী ও নেপালি দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর দাওয়া ছেরিং।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন