নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে যাত্রা করেছে সরকারি কর্মচারীরা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যাচ্ছেন তারা।
আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যেই ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে, অন্যথায় তারা বাড়ি ফিরবেন না।
এর আগে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে থালা-বাটি হাতে ভুখা মিছিল করছেন সরকারি কর্মচারীরা। শুক্রবার সকাল ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে এ কর্মসূচি পালন শুরু করেন তারা। পরে ভুখা মিছিল নিয়ে শাহবাগ এলাকায় পৌঁছালে পুলিশ জলকামান নিক্ষেপ করে।
এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবনের দিকে এগিয়ে যান তারা। পরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নেন তারা।
সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে। পে স্কেলের গেজেট প্রকাশ এবং ১ জানুয়ারি থেকে কার্যকরের দাবি জানিয়েছেন তারা।
এর আগে দাবি আদায় টানা তিনদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন সরকারি কর্মচারীরা। পরে বৃহস্পতিবার চার ঘণ্টা কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন তারা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ শুক্রবার শহীদ মিনার থেকে মিছিল বের করেন তারা।
আন্দোলনকারীরা বলছেন, সময় বাড়িয়ে ৪ ঘণ্টা কর্মবিরতি পালন করেছি। সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত সারাদেশে সব সরকারি, আধা সরকারি ও পে স্কেলের আওতাভুক্ত অফিসে এ কর্মসূচী পালন করা হয়েছে। আজ বড় জমায়েতের ঘোষণা দিয়ে রেখেছিলেন তারা।
