ব্যয় কমাতে সরকারের ১১ পদক্ষেপ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৫ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পিএম

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও যুদ্ধের ফলে উদ্ভূত বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ব্যয় কমাতে ১১ পদক্ষেপ নিয়েছে সরকার। 

আজ রবিবার (৫ এপ্রিল) এ সংক্রান্ত পরিপত্রি জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

সব ধরনের যানবাহন কেনা বন্ধ। এমনকি সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনার সুদমুক্ত বিশেষ অগ্রিমও বন্ধ। এছাড়াও ব্যয় কমিয়ে অর্ধেক করা হয়েছে আপ্যায়ন ও প্রশিক্ষণ।

পরিপত্রে বলা হয়েছে, আপ্যায়ণ ব্যয় খাতে অব্যয়িত অর্থের সর্বোচ্চ ৫০% ব্যয় করা যাবে। মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর কর্তৃক পরিচালিত অভ্যন্তরীণ প্রশিক্ষণ খাতে অব্যয়িত অর্থের সর্বোচ্চ ৫০% ব্যয় করা যাবে। তবে বিভিন্ন সরকারি প্রশিক্ষণ ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত প্রশিক্ষণসমূহ এর আওতা বহির্ভূত থাকবে। সরকারি অর্থায়নে সব ধরনের বৈদেশিক প্রশিক্ষণ/সেমিনার/সিম্পোজিয়াম/ওয়ার্কশপে অংশগ্রহণ বন্ধ থাকবে। বিদ্যুৎ, পেট্রোল, অয়েল ও লুব্রিকেন্ট, গ্যাস ও জ্বালানি ও ভ্রমণ ব্যয় খাতে অবশিষ্ট অর্থের সর্বোচ্চ ৭০% ব্যয় করা যাবে। এর অতিরিক্ত ব্যয় করলে ভবিষ্যতে কোনো বকেয়া দাবি করা যাবে না। সেমিনার/কনফারেন্স ব্যয় খাতে অবশিষ্ট অর্থের সর্বোচ্চ ৮০% ব্যয় করা যাবে। তবে সব ধরনের সভা/সেমিনার/কনফারেন্স/সিম্পোজিয়াম/ওয়ার্কশপ এর আপ্যায়ন ব্যয়ে ৫০% ব্যয় করা যাবে। সকল ধরনের যানবাহন ক্রয় মোটরযান, জলযান, আকাশযান খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয় বন্ধ থাকবে।

আবাসিক অনাবাসিক অন্যান্য ভবন স্থাপনা খাতে অবশিষ্ট অর্থের ৫০% ব্যয় করা যাবে। তবে চলমান নির্মাণ কাজ ন্যূনতম ৭০ শতাংশ সম্পন্ন হয়ে থাকলে অর্থ বিভাগের অনুমোদনক্রমে ব্যয় নির্বাহ করা যাবে। অভ্যন্তরীণ শোভাবর্ধন এবং অভ্যন্তরীণ শোভাবর্ধন উভয় খাতে অব্যয়িত অর্থের সর্বোচ্চ ৫০% ব্যয় করা যাবে।

কম্পিউটার ও আনুষঙ্গিক খাতে ব্যয় বন্ধ থাকবে। পরিচালন বাজেটের আওতায় ভূমি অধিগ্রহণ খাতে ব্যয় বন্ধ থাকবে। তবে উন্নয়ন বাজেটের ক্ষেত্রে অধিগ্রহণ কার্যক্রমের সব আনুষ্ঠানিকতা প্রতিপালনপূর্বক অর্থ বিভাগের পূর্বানুমোদন গ্রহণ সাপেক্ষে ব্যয় করা যাবে। সরকারি কর্মচারীদের গাড়ি ক্রয়ে সুদমুক্ত বিশেষ অগ্রিম সুদমুক্ত ঋণ প্রদান বন্ধ থাকবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন