ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় সিএনজির ৩ যাত্রী নিহত

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৫ জুন ২০২৫, ০৪:০৫ এএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার নবীনগর উপজেলার লাপাংয়ের মৃত হযরত আলীর ছেলে আবুল কাশেম (৫৮), একই উপজেলার নারায়ণপুরের বিল্লাল মিয়ার ছেলে সোহাগ মিয়া (১৯) ও ফেনী জেলা সদরের দক্ষিণ ফরাদ নগরের আবুল খায়েরের ছেলে নুরুল আলম (৫৫)।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, নবীনগর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কোম্পানীগঞ্জ অভিমুখী যাচ্ছিলো। পথিমধ্যে ইব্রাহিমপুর বাজার বাঁশবাজার হতে এতিমখানা রোডের মাঝামাঝি স্থানে বিপরীত দিক থেকে আসা দুরন্ত পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এসে ঘটনাস্থলে অটোরিকশার তিন যাত্রী নিহত হন।

ওসি আরও জানান, ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন। মরদেহ গুলো ময়নাতদন্ত শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন