ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব বিরোধের জেরে গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার চরলাপাং গ্রামে এই ঘটনা ঘটে।
আহত ফুল মিয়া (৬০) চরলাপাং গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে। উম্মে হানি (২২) একই গ্রামের সুমন মিয়ার স্ত্রী। উন্নত চিকিৎসার জন্য আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, চরলাপাং গ্রামে একটি সড়ক নির্মাণের সময় ওই গ্রামের অহিদ মিয়া বাধা দেওয়ায় গ্রামবাসীর সঙ্গে তার বিরোধ চলছিল। সম্প্রতি সড়কের নির্মাণকাজ সম্পন্ন হলে গ্রামের মুসলেম মিয়া কৃষকদের জমিতে ভাড়ায় হাল চাষ দেওয়ার জন্য একটি ট্রাক্টর কিনে আনেন। এতে বিরোধ আরও বাড়ে।
অভিযোগ উঠেছে, ট্রাক্টর ভাড়া ব্যবসায় একক আধিপত্য নষ্ট হওয়ার শঙ্কায় অহিদ মিয়া ও তার ভাই উবায়দুল মিয়া ক্ষুব্ধ হয়। এ নিয়ে কিছুদিন ধরে অহিদ মিয়া ও মুসলেম মিয়ার পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর জেরেই শনিবার রাতে অহিদ মিয়া নরসিংদীর রায়পুর উপজেলার মির্জারচর গ্রাম থেকে ভাড়াটিয়া সন্ত্রাসী এনে চরলাপাং গ্রামে হামলা চালায়। এ সময় ফুল মিয়া ও উম্মে হানি নামের দুজন গুলিবিদ্ধ হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলির খবর পেয়েছি। এ ঘটনায় দুজন আহত হয়েছে। বিষয়টির খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
