চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি খাদে পড়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কানসাট-চৌডালা সড়কের বুড়িপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. সাহাদাৎ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, উপজেলার পুলিশমাইল ঝাবুবাজার এলাকার আয়েস উদ্দিন (৭০) ও তার ছেলে শরিফুল ইসলাম (৪৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চৌডালা থেকে কানসাটের দিকে যাচ্ছিল ভটভটিটি। বুড়িপুকুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের পাশের খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই আয়েস উদ্দিন মারা যান।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক শরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, ভটভটিতে চারটি গরুও ছিল। চালক নিয়ন্ত্রণ হারানোয় দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
