ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তপথে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে শাকিল আহমেদ (২৪) নামের এক বাংলাদেশি যুবককে পতাকা বৈঠকের পর ফেরত দিয়েছে বিএসএফ।
আটক শাকিল আহমেদ ফরিদপুর জেলার ভাঙা উপজেলার দেওরা গ্রামের আক্কাস আলী ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন ২৫-বিজিবি ফকিরমুড়া ক্যাম্প কমান্ডার মোখলেছুর রহমান।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আখাউড়া উপজেলার হীরাপুর সীমান্তপথে সোমবার ভোররাতে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে শাকিল আহমেদ। এ সময় ভারতের ত্রিপুরা রাজ্যের লঙ্কামুড়া বিএসএফ টহলদলের জওয়ানরা শাকিলকে আটক করে। এ ঘটনা জানাজানি হলে সকাল সাড়ে ১০টার দিকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ লঙ্কামুড়া ও ফকিরমুড়া বিজিবির মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিএসএফ জওয়ানরা বাংলাদেশি যুবককে বিজিবির কাছে হস্তান্তর করেন।
পরে আটককৃত যুবকের নামে ভারতে অবৈধ অনুপ্রবেশের অপরাধের মামলায় আখাউড়া থানায় সোপর্দ করা হয় বলে ২৫ বিজিবি ফকিরমুড়া ক্যাম্প কমান্ডার মোখলেছুর রহমান জানিয়েছেন।
