ভারতে ইলিশ পাঠানোর বিষয়ে যা বললে মন্ত্রী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৬ এপ্রিল ২০২৬, ১২:৫২ পিএম

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, এবার পহেলা বৈশাখে ভারতে ইলিশ পাঠানো হবে কিনা তা প্রধানমন্ত্রী বা সরকার প্রধান তারেক রহমানই সিদ্ধান্ত নেবেন।

সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান। তিনি বলেন, জাটকা সংরক্ষণ সপ্তাহ আগামী ৭ এপ্রিল থেকে শুরু হয়ে ১৩ এপ্রিল পর্যন্ত চলবে। দেশের ২০টি জেলায় এই সপ্তাহ উদযাপন হবে। উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল চাঁদপুরে অনুষ্ঠিত হবে।

মন্ত্রী আরও বলেন, জাটকা আহরণ, ক্রয়-বিক্রি বা মজুদ থেকে জনসাধারণকে বিরত থাকতে হবে এবং সাগর থেকে বাজার পর্যন্ত নজরদারি চলবে। তিনি সচেতনতার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘সবাইকে সহযোগিতা করতে হবে যাতে ইলিশ সম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধি পায়।’

ভারতে ইলিশ পাঠানোর প্রসঙ্গে মন্ত্রী জানান, সরকার কোনো ইলিশ রফতানি করে না। ভারতে যা পাঠানো হয়, তা শুধুমাত্র সৌজন্যমূলক। এবার পহেলা বৈশাখে পাঠানো হবে কিনা, তা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে নির্ভর করবে।

মন্ত্রী জানান, সরকার ইলিশ উৎপাদন বাড়াতে উদ্যোগ নিয়েছে। সরবরাহ বাড়লে ইলিশের দাম কমবে এবং সাধারণ মানুষের নাগালে পৌঁছাবে। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জাটকা সংরক্ষণে প্রয়োজনে জেলেদের খাদ্যসহ অন্যান্য সহায়তা দেয়া হবে। তিনি আরও আশ্বস্ত করেন, আর্থিক সহায়তা বিতরণে কোনো অনিয়ম সহ্য করা হবে না।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন