ভারী খনিজ সম্পদ উন্নয়নে পরমাণু শক্তি কমিশন-প্রিমিয়ার মিনারেলের চুক্তি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৯:৪০ পিএম

দেশের উপকূলে ভারী খনিজ সম্পদ উন্নয়নে ভূতাত্ত্বিক জরিপ এবং সংশ্লিষ্ট গবেষণাগার কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও অস্ট্রেলিয়ার কোম্পানি প্রিমিয়ার মিনারেলস লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিটি কার্যকর থাকবে। তবে উভয় পক্ষের সম্মতিতে এর মেয়াদ ভবিষ্যতে বৃদ্ধি বা কমানোর সুযোগ রয়েছে।

আজ রবিবার সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে সমঝোতা স্মারকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মো. মজিবুর রহমান এবং প্রিমিয়ার মিনারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ক্রেইগ ফিগট্রি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।

চুক্তির আওতায়, পরমাণু শক্তি কমিশন কর্তৃক আবিষ্কৃত ভারী খনিজের অবস্থা মূল্যায়ন, কক্সবাজারস্থ সৈকত খনিজ বালি আহরণ কেন্দ্রে প্রয়োজনীয় গবেষণাগার স্থাপন এবং আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সমুদ্র সৈকত এলাকায় ভূতাত্ত্বিক জরিপ পরিচালনা এবং সংগৃহিত ভারী খনিজের অধিকতর গবেষণাগার বিশ্লেষণের মাধ্যমে অর্থনৈতিক খনিজের বাণিজ্যিক সম্ভাবনা যাচাইয়ে কাজ করা হবে যৌথভাবে। 
এই কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের গুরুত্বপূর্ণে একটি প্রাকৃতিক সম্পদের যথপোযুক্ত ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করছেন কর্মকর্তারা।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম, পরমাণু শক্তি কমিশনের কোয়ালিটি ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান, পরমাণুশক্তি গবেষণা প্রতিষ্ঠানের ইনস্টিটিউট অব নিউক্লিয়ার জিওলজিক্যাল সায়েন্সের পরিচালক ড. মো. গোলাম রসুল এবং প্রিমিয়ার মিনারেলস লিমিটেডের পরামর্শক ড. ইউনুস আকন এবং ম্যানেজার মো. গোলাম মোস্তফা।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর