ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেছেন, ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ভালুকায় কোনো রাজনৈতিক বিরোধ, হয়রানি বা হানাহানি বরদাশত করা হবে না। কেউ রাজনৈতিক পরিচয়ের কারণে নির্যাতনের শিকার হবেন না এবং কাউকে সরকারি দল বা বিরোধী দল হিসেবে চিহ্নিত করে হয়রানি করা হবে না বলে মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ভালুকা উপজেলার উথুরা স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত গণসংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভোটের আগে আমরা কথা দিয়েছিলাম—আমাদের মধ্যে কোনো রাজনৈতিক বিরোধ থাকবে না। কোনো মানুষ রাজনৈতিক কারণে হয়রানির শিকার হবেন না। ১২ তারিখের নির্বাচনের পর আমরা সেই কথা রাখার চেষ্টা করেছি এবং অনেকাংশে সফল হয়েছি।
নবনির্বাচিত এই সংসদ সদস্য আরও বলেন, কোথাও যদি কেউ কোনো অপরাধ করে থাকে, আমাকে জানাবেন। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কেউ কারও ওপর অত্যাচার-নির্যাতন করতে পারবে না।
তিনি ভালুকাকে একটি শান্তিপ্রিয়, ন্যায়ভিত্তিক ও মানবিক জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমরা একটি ন্যায়, সাম্য ও সব মানুষের সমঅধিকারের ভালুকা গড়তে চাই। সন্ত্রাস, দখলবাজ ও চাঁদাবাজদের নির্মূল করতে পারলে মাদকও নির্মূল করা সম্ভব হবে।
মাদকবিরোধী অবস্থান স্পষ্ট করে তিনি ঘোষণা দেন, ভালুকায় কোনো মাদক কারবারির ঠাঁই হবে না। যেখানেই মাদক কারবারি পাওয়া যাবে, তাকে আটক করে আইনের হাতে তুলে দিতে হবে।
তিনি আরও বলেন, ১২ তারিখের নির্বাচনের পর কোনো ব্যক্তি যদি অপরাধ করে থাকে, তার দায়ভার ব্যক্তিকেই বহন করতে হবে। বিএনপি তার দায়ভার নেবে না, আমিও সংসদ সদস্য হিসেবে তার দায় নেব না। আমরা দলমত নির্বিশেষে সব মানুষের সমঅধিকার প্রতিষ্ঠা করতে চাই।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ এবং এলাকার শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
