ভালুকায় বকেয়া বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ, শ্রমিকদের মহাসড়ক অবরোধ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৭ পিএম

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শেফার্ড (গ্রুপ) জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা। বেতন না দিয়েই শেফার্ড (গ্রুপ) জিন্স অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে প্রায় দুই ঘন্টা তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

শ্রমিকদের অভিযোগ, এক মাসের বকেয়া বেতন ও ছুটির টাকা পরিশোধ না করে কোনো পূর্ব নোটিশ ছাড়াই কারখানা বন্ধ করে দেওয়া হয়। এসব কারণে তারা ক্ষোভে মহাসড়ক অবরোধ করেন।

অবরোধের ফলে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুইপাশে যান চলাচল বন্ধ থাকে। এতে তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও বিভিন্ন পণ্যবাহী পরিবহন। পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে কাজ করে।

পরে থানা পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ তুলে নেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন