ভিন্ন রাজনৈতিক বার্তা নিয়ে প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর বাড়িতে মিষ্টি নিয়ে বিএনপির বিজয়ী প্রার্থী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৯ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় নিশ্চিত হওয়ার পর শরীয়তপুর-২ (নড়িয়া–সখিপুর) আসনে ভিন্ন এক রাজনৈতিক বার্তা দিলেন বিজয়ী প্রার্থী শফিকুর রহমান কিরন। ফল ঘোষণার একদিন পর শুক্রবার রাতে তিনি তাঁর পরাজিত প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক ডাঃ মাহমুদ হোসেন বকাউলের ভেদরগঞ্জ উপজেলার চরভাগা এলাকায় মিষ্টি নিয়ে পরাজিত প্রার্থীর বাসভবনে সৌজন্য সাক্ষাতে যান।

জানা যায়, নির্বাচনের ফলাফল নিশ্চিত হওয়ার পর বিএনপির মনোনীত প্রার্থী শফিকুর রহমান কিরণ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মাহমুদ হোসেনের সঙ্গে দেখা করেন। এ সময় দুই নেতা একে অপরকে মিষ্টি খাইয়ে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং সংক্ষিপ্ত সময়ের জন্য মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে বিজয়ী প্রার্থী শফিকুর রহমান কিরণ বলেন, নির্বাচনে জয়-পরাজয় থাকবেই, কিন্তু সবাই একই এলাকার মানুষ। উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে একসঙ্গে কাজ করতে হবে। তিনি মাহমুদ হোসেনকে জ্যেষ্ঠ ও সম্মানিত ব্যক্তি উল্লেখ করে আগামীতেও পরামর্শ নেওয়ার কথা জানান।

এ সময় পরাজিত প্রার্থী মাহমুদ হোসেন বলেন, জনগণের রায় মেনে নেওয়াই গণতন্ত্রের সৌন্দর্য। এলাকার শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নের জন্য তিনি নবনির্বাচিত প্রার্থীকে সহযোগিতা করবেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাহসিনা বেগম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারিভাবে ফল ঘোষণা করেন। শরীয়তপুর-২ আসনে ১৩৬টি কেন্দ্রের ফলাফলে শফিকুর রহমান কিরণ (ধানের শীষ) পান ১ লাখ ২৯ হাজার ৮১৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমুদ হোসেন (দাঁড়িপাল্লা) পান ৭০ হাজার ৮৯২ ভোট। ৫৮ হাজার ৯২২ ভোটের ব্যবধানে কিরণ বিজয়ী হন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর জেলার তিনটি আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। জেলায় মোট ভোটার ১১ লাখ ৫০ হাজার ৭২১ জন। এর মধ্যে পুরুষ ৫ লাখ ৮০ হাজার ৩১২, নারী ৫ লাখ ৫০ হাজার ৮৩৪ এবং হিজড়া ভোটার ১৪ জন। এছাড়া প্রবাসী ও বিশেষ ক্যাটাগরির (OCV/ICPV) ভোটার রয়েছেন ১৬ হাজার ৭৮১ জন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন