শরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধভাবে কৃষি জমিতে মাছের ঘের তৈরি ও কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার অভিযোগে এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলার ডিএমখালি ইউনিয়নের হকপুর গ্রামে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে.এম. রাফসান রাব্বি এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সখিপুর থানার এস.আই রিপন, ভেদরগঞ্জ ফায়ার সার্ভিস ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালি ইউনিয়নের হকপুর গ্রামে খেয়াল-খুশিমতো অবৈধভাবে কৃষি জমিতে মাছের ঘের তৈরির চেষ্টা করছিলেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে.এম. রাফসান রাব্বি সরেজমিনে সত্যতা পেয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন এ সময় ভবিষ্যতে এমন অপরাধের পুনরাবৃত্তি করবে না মর্মে মুচলেকা গ্রহণ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে.এম. রাফসান রাব্বি বলেন, কৃষি জমির সুরক্ষা ও অনাবাদি জমি আবাদের বিষয়ে প্রশাসনের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। সে মোতাবেক বিভিন্ন উদ্যোগের পাশাপাশি কৃষি জমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকে জরিমানার পাশাপাশি সতর্ক করে দেওয়া হয়েছে। অবৈধ মাটি উত্তোলন বন্ধে ও কৃষি জমি এবং পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
