শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ইরানের ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে আমাদের বিশাল জনগোষ্ঠী বিভিন্ন কাজে নিয়োজিত আছে। তাদের নিয়ে সরকার চিন্তায় রয়েছে।
তিনি বলেন, তবে এ বিষয়টি নিয়ে আমি আশ্চর্য হয়েছি। কারণ আমাদের আগে আমাদের প্রধানমন্ত্রী বিষয়টি উপলব্ধি করেছেন। এ ঘটনায় প্রবাসীদের খোঁজ-খবর নেওয়ার জন্য প্রধানমন্ত্রী আমাদের আগে থেকেই নির্দেশনা দিয়েছেন।
আজ রবিবার দুপুর সাড়ে বারোটায় পটুয়াখালী জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় নুরুল হক নুর বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমাদের সঙ্গে কানেক্ট করে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথমত আমাদের কাজ দেশের যে সকল নাগরিক মধ্যপ্রাচ্যে রয়েছে, তাদের নিরাপদ আশ্রয়ের জন্য সহযোগিতা করা। তাদের সচেতন ও সতর্ক করা।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত আমাদের দেশের কোনও নাগরিকের উল্লেখযোগ্য বড় কোনও ক্ষতি হয়েছে, সেই রকমের কোনও খবর পাওয়া যায়নি। তবে কুয়েতের এয়ারপোর্টের একটি ড্রোন হামলায় আমাদের দেশের চার জন আহত হয়েছেন।
এ সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী ও পুলিশ সুপার আবু ইউসুফসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। এর আগে প্রতিমন্ত্রীকে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয়।
