মধ্যপ্রাচ্যে হামলায় দুই বাংলাদেশী নিহতের ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের শোক

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২ মার্চ ২০২৬, ০৩:৩৪ পিএম

মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত এবং সাতজন আহত হওয়ার ঘটনায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সোমবার (২ মার্চ) পররাষ্ট্রমন্ত্রণালয়ের প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে নিহতদের জন্য শোক প্রকাশ করা হয়। 

সংযুক্ত আরব আমিরাতের আজমানে একটি বেসামরিক স্থাপনায় হামলায় সিলেটের বালারেখা জেলার সালেহ আহমেদ প্রাণ হারিয়েছেন। বাংলাদেশ দূতাবাস নিহতের মরদেহ ফেরত আনার প্রক্রিয়ার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছে।

বাহরাইনে আরেকজন বাংলাদেশি নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। মানামায় অবস্থিত বাংলাদেশের মিশন স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে কুয়েতে আহত চারজন বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে এবং বর্তমানে তারা স্থিতিশীল অবস্থায় রয়েছেন। কুয়েতের বাংলাদেশ দূতাবাস নিয়মিত তাদের সাথে যোগাযোগ রাখছে এবং রাষ্ট্রদূত নিজে হাসপাতালে তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।   

অন্যদিকে, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরে আটকা পড়েছে। আমিরাতের বাংলাদেশি দূতাবাস জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে এবং সব ক্রু সদস্য নিরাপদ আছেন। 

বাংলাদেশ সরকার মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সম্পর্কে সতর্ক এবং এই অঞ্চলে বসবাসরত ৬০ লাখের বেশি বাংলাদেশির নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে। সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলোকে নাগরিকদের সতর্ক থাকার এবং স্থানীয় সরকারের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর