মন্ত্রী হচ্ছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা খলিলুর রহমান

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩১ পিএম

বিএনপি নেতৃত্বাধীন সরকারের টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয়ে তিনি আনুষ্ঠানিক বার্তা পেয়েছেন। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে তিনি নতুন দায়িত্ব গ্রহণ করতে পারেন।

২০২৪ সাল থেকে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংকটবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবেও কাজ করেছেন। নিরাপত্তা ও কূটনৈতিক বিষয়ে তার অভিজ্ঞতা সরকারের নীতিনির্ধারণী প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

শিক্ষাজীবনে তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখেন। ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। পরে ১৯৭৯ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের (পররাষ্ট্র) ক্যাডারে যোগ দিয়ে কূটনৈতিক জীবনে প্রবেশ করেন।

উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে অধ্যয়ন করেন। টাফ্টস বিশ্ববিদ্যালয় এবং হাভার্ড বিশ্ববিদ্যালয়ে আইন ও কূটনীতিতে এমএ ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি অর্থনীতিতে পিএইচডি সম্পন্ন করেন।

কর্মজীবনে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগে দায়িত্ব পালন করেন। ১৯৮৩-১৯৮৫ সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করেন। ১৯৮৫ সালে তাকে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বদলি করা হয়। পরবর্তীকালে ১৯৯১ সালে জেনেভায় জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনে (আঙ্কটাড) বিশেষ উপদেষ্টা হিসেবে জাতিসংঘ সচিবালয়ে যোগ দেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন