ময়মনসিংহের হালুয়াঘাটে স্বামীকে মদ পান করানোর পর তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শাহজাহান (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যান অভিযুক্ত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে হালুয়াঘাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারী।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে ওই নারীর বিয়ে হয়। তাদের পাঁচ বছর বয়সি একটি ছেলে রয়েছে। নিজেদের কোনো জায়গাজমি বা বাড়িঘর না থাকায় তারা অন্যের বাড়ির বারান্দার একটি কক্ষে বসবাস করেন। ওই নারীর স্বামী মাদকাসক্ত বলে জানিয়েছে পুলিশ।
অভিযোগে বলা হয়, গত রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার একটি বাড়িতে গিয়ে মদ পান করেন অভিযুক্ত শাহজাহান ও ওই নারীর স্বামী। পরে তারা দুজন একসঙ্গে ওই নারীর ঘুমানোর জায়গায় যান। কিছুক্ষণ পর ওই নারীর স্বামী সেখান থেকে চলে গেলে তিনি একা হয়ে পড়েন।
এ সময় শাহজাহান ওই নারীর ঘুমানোর কক্ষে প্রবেশ করেন। পরে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ওই নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত শাহজাহান সেখান থেকে পালিয়ে যান।
ঘটনার পর মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী নারী হালুয়াঘাট থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তে নামে পুলিশ।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন,‘ এ ঘটনায় ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অভিযুক্ত শাহজাহানকে আটকের চেষ্টা চলছে।’
ওসি বলেন, ‘অভিযুক্ত শাহজাহান ও ওই নারীর স্বামী দুজনই মাদকাসক্ত। তারা একসঙ্গে মদ পান করতেন। তাদের কারও স্থায়ী বাড়িঘর নেই। ওই নারী অন্যের বাড়ির বারান্দার একটি কক্ষে বসবাস করতেন। ঘটনার দিন শাহজাহান ও ওই নারীর স্বামী একসঙ্গে মদ পান করার পর স্বামী অন্যত্র চলে যান। এ সুযোগে শাহজাহান ওই নারীর থাকার কক্ষে প্রবেশ করে তাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
