ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৪ অক্টোবর ২০২৬, ১২:১৯ পিএম

ময়মনসিংহে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন খালেদা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে।

রোববার (৪ অক্টোবর) হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকালপারসন ডা. মো. সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

খালেদা বেগম (৫৫) ধোবাউড়া উপজেলার লাল মাহমুদের স্ত্রী। তিনি গত ২ অক্টোবর বিকেলে ডেঙ্গু জ্বর নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর উপসর্গ নিয়ে আরও ৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ জন। বর্তমানে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত ১১৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে ৪ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু জ্বর নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৩ হাজার ২২৩ জন রোগী ভর্তি হয়েছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাইন উদ্দিন খান বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২৫ জনে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় বিশেষ নজর দেওয়া হচ্ছে। হাসপাতালে ভর্তি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ সর্বাত্মকভাবে কাজ করছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর