মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। দুই মাস ধরে গোয়েন্দা নজরদারির পর রাজধানীতে অভিযান চালিয়ে ৩০ কেজি শিশা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় আমদানিকারক, সরবরাহকারী ও বিক্রেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে একটি আমদানিকারক প্রতিষ্ঠানের মালিক ও একজন সিএন্ডএফ এজেন্ট রয়েছেন।
গত বুধবার রাতে ডিএনসির বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ঢাকার একটি দল উপপরিচালক মো. মেহেদী হাসানের নেতৃত্বে রাজধানীর বংশাল থানাধীন নর্থ সাউথ রোডের একটি ভবনে AS SUNNAH নামের প্রতিষ্ঠানে অভিযান চালায়। এ সময় প্রতিষ্ঠানটির ভেতর থেকে মো. সোলায়মান আহমেদ শুভ (৩১) নামে একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তিনটি কার্টন থেকে AL FAKHER ব্র্যান্ডের ৩০ কেজি শিশা উদ্ধার করা হয়।
ডিএনসি সূত্র জানায়, এই চক্রের সন্ধান পেতে প্রায় দুই মাস ধরে গোয়েন্দা নজরদারি চালানো হয়। একপর্যায়ে সহকারী পরিচালক মোস্তাক আহমেদ ক্রেতা সেজে চক্রটির কাছে পাঁচ কেজি শিশার অর্ডার দেন। এরপর আমদানি থেকে শুরু করে সরবরাহের পুরো প্রক্রিয়া নজরদারিতে রাখা হয়। নির্ধারিত শিশা সংগ্রহ করতে গিয়ে অতিরিক্ত আমদানি করা আরও ২৫ কেজিসহ মোট ৩০ কেজি শিশার সন্ধান মেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোলায়মান জানান, উত্তরা পূর্ব থানাধীন সাবা এন্ড রিহান এন্টারপ্রাইজের মালিক মো. শাকিল আহমেদের কাছ থেকে তিনি এসব শিশা সংগ্রহ করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গত ১২ নভেম্বর সকালে উত্তরা এলাকায় ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে শাকিলকে গ্রেপ্তার করা হয়। এ সময় শিশা সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।
পরে শাকিলের তথ্যের ভিত্তিতে উত্তরা ১১ নম্বর সেক্টরের ট্রাস্ট গ্লোবাল ট্রেডিংয়ে অভিযান চালানো হয়। সেখান থেকে প্রতিষ্ঠানটির মালিক মো. মেহেদী হাসানকে (৪৬) গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি এজেন্টের মাধ্যমে হংকং থেকে শিশা আমদানি করে শাকিলের কাছে সরবরাহ করতেন। শাকিলের মাধ্যমে সেগুলো পৌঁছাত সোলায়মানের কাছে।
গ্রেপ্তারদের ব্যবহৃত মোবাইল ফোন ও অন্যান্য তথ্য পর্যালোচনা করে সালমান নিবিড় (২৬) নামে আরও একজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। শিশা কেনাবেচা ও আর্থিক লেনদেনে তার সম্পৃক্ততার তথ্য মিলেছে। জিজ্ঞাসাবাদে সোলায়মান জানান, সালমানসহ তারা দীর্ঘদিন ধরে পারস্পরিক যোগসাজশে অবৈধ শিশার ব্যবসা করে আসছেন। এ চক্রে আরও কয়েকজন জড়িত রয়েছেন। সালমানকে গ্রেপ্তারে অভিযান চলছে।
ডিএনসি জানিয়েছে, উদ্ধার করা শিশার উৎস ও আমদানি প্রক্রিয়া নিয়ে তদন্ত চলছে। বিশেষ করে মসলার আড়ালে কীভাবে হংকং থেকে এসব শিশা দেশে আনা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আমদানির সময় কাস্টমসের শুল্ক-ভ্যাট পরিশোধের প্রক্রিয়া এবং বৈধ আমদানির কাগজপত্রের আড়ালে অবৈধ পণ্য আনা হয়েছিল কি না, তা-ও তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় গ্রেপ্তার সোলায়মান আহমেদ শুভ, শাকিল আহমেদ ও মেহেদী হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বংশাল থানায় মামলা হয়েছে। মামলাটি ডিএনসির কর্মকর্তারা তদন্ত করছেন। চক্রের পলাতক সদস্য ও অন্য সহযোগীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক মোস্তাক আহমেদ কালবেলাকে বলেন, সাইবার স্পেসে মাদক কারবারের বিষয়টি আমাদের নিয়মিত নজরদারির মধ্যেই আছে। এর মাধ্যমেই আমরা এই চক্রকে চিহ্নিত করতে পেরেছি। আমাদের সাইবার পেট্রোলিং কার্যক্রম অব্যাহত থাকবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা গোয়েন্দা বিভাগের উপপরিচালক মেহেদী হাসান কালবেলাকে বলেন, দীর্ঘদিন ধরে আমরা বিষয়টি নিয়ে নজরদারি করছিলাম। এই চক্রের সঙ্গে আরও কারা কারা জড়িত সে বিষয়ে আমাদের তদন্ত চলছে।
