মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মনির হোসেন বশিরের দুই হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ ওঠেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বশিরের বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে এবং আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। এর আগে রোববার রাতে সদর থানা এলাকার শেষ সীমানা ও সিংগাইর থানা এলাকার শুরুর প্রায় ২০০ গজের মধ্যে এ ঘটনা ঘটে।
আহত বশির মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের পালোড়া চর গ্রামের মনির হোসেনের ছেলে। তিনি জেলা ছাত্রলীগের উপ-কর্মসংস্থানবিষয়ক সম্পাদক।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
এদিকে, রোববার মধ্যরাতে এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। সোমবার দুপুরে সংগঠনটির জেলা সভাপতি এম এ সিফাদ কোরাইশী ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে দাবি করা হয়, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা বশিরের ওপর নৃশংস হামলা চালিয়ে তার দুই হাত ও দুই পায়ের রগ কেটে দিয়েছে।
তবে জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ বলেন, মূলত নিজেদের মধ্যে দ্বন্দ্বের জেরে বশিরের বন্ধুরাই তাকে কুপিয়েছে। মধ্যরাতে ওই যুবক কার সঙ্গে এবং কেন ইটভাটায় গিয়েছিলেন, বিষয়টি খতিয়ে দেখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।
আব্দুল খালেক শুভ আরও বলেন, এ ঘটনায় ছাত্রদল বা বিএনপির অঙ্গসংগঠনের নাম জড়িয়ে নিষিদ্ধ সংগঠনটি গুজব ছড়াচ্ছে। এর আগেও শহীদ মিনারে একজনের আত্মহত্যার ঘটনা নিয়ে ওই সংগঠনটি গুজব ছড়িয়েছিল বলে দাবি করেন তিনি।
ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, বশিরকে কুপিয়ে আহত করার ঘটনায় কারা জড়িত- এসব বিষয় তদন্ত করা হচ্ছে। আহত বশিরের বাবার অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা চলছে।
