মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী সংক্রান্ত প্রতিবেদন তৈরির সময় অনধিকার প্রবেশের অভিযোগে তামিল সংবাদপোর্টাল থিনাথান্তি-এর সাংবাদিক কালিদাস সুব্রামানিয়মকে আটক করেছে পুলিশ। জানা গেছে, তাকে কুলিম জেলা পুলিশ সদর দপ্তর (আইপিডি) থেকে আটক করা হয়। পোর্টালটির পরিচালক পাভালাসেলভান মারিমুথু বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি সোমবার বিকেল প্রায় ৩টার দিকে আটকের খবর পান।তার ভাষ্য অনুযায়ী, গত ২৬ মার্চ কালিদাস সুব্রামানিয়ম কুলিম হাই-টেক পার্ক এলাকায় অন্যান্য সাংবাদিক, মানবাধিকার কর্মী ও বিভিন্ন এনজিও প্রতিনিধিদের সঙ্গে উপস্থিত ছিলেন। সেখানে ৩০০-এর বেশি অবৈধ অভিবাসী বৈধ অনুমতি ছাড়া কাজ করছেন—এমন অভিযোগের বিষয়ে তারা প্রতিবেদন করতে যান।
পাভালাসেলভান মারিমুথু বলেন, সংশ্লিষ্টরা কোনো সাধারণ ব্লগার বা সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবক নন; তারা তথ্য বিভাগে নিবন্ধিত এবং বৈধ মিডিয়া কার্ডধারী সাংবাদিক। এ ধরনের আটক তাদের জন্য অত্যন্ত বিস্ময়কর।
তিনি আরও জানান, এর আগে কালিদাসকে কুলিম আইপিডিতে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। গতকাল তাকে থানায় এসে বক্তব্য দিতে বলা হয়। তখন পুলিশ জানায়, বিষয়টি অনধিকার প্রবেশের অভিযোগ সংক্রান্ত। তবে সোমবার তিনি থানায় গেলে তাকে আরও তদন্তের জন্য আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় সাংবাদিক ছাড়াও আরও সাতজনকে একই অভিযোগে আটক করা হয়েছে।
এদিকে, মালয়েশিয়ার তামিল মিডিয়া সংগঠনের সভাপতি এস মুথামিজ মানান এ ঘটনায় হতাশা ও বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন, কালিদাস সুব্রামানিয়ম একজন সাংবাদিক হিসেবে তার পেশাগত দায়িত্ব পালন করছিলেন। বৈধ মিডিয়া পাস থাকা সত্ত্বেও তাকে আটক করা অনভিপ্রেত। শুধু সংবাদ সংগ্রহের জন্য তাকে আটক না করে তার বক্তব্য নেওয়াই যথাযথ হতো।
তিনি অবিলম্বে কালিদাসের নিঃশর্ত মুক্তির দাবি জানান। পাশাপাশি বিষয়টি যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিলের নজরে আনা হবে বলেও উল্লেখ করেন।
এ বিষয়ে মন্তব্য জানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও যোগাযোগের চেষ্টা চলছে।
