মা-বোনদের ঘরে, বাইরে ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা হবে: জামায়াত আমির

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫২ এএম

সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার বেলা ১১টায় নওগাঁ শহরের এটিম মাঠে জেলা জামায়াত আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, এদেশ আমাদের সবার। কোনো পরিস্থিতি হলেই অমুসলিম ভাই-বোনরা কেন ভয়ের সংস্কৃতিতে থাকবেন? আমরা সেই ভয়ের সংস্কৃতিকে গুঁড়িয়ে দিতে চাই। তিনি বিগত সরকারের সমালোচনা করে বলেন, যারা মাইনোরিটি অধিকার নিয়ে বেশি সোচ্চার ছিলেন, তারা সাঁওতাল পল্লীতে কী করেছিলেন তা দেশবাসী দেখেছে। আমরা সবাইকে বুকে ধারণ করে সামনে এগোতে চাই।

নারীদের মর্যাদা রক্ষায় কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, মা-বোনদের ঘরে, বাইরে ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা হবে। কোনো জালিম তাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। তিনি আরও মনে করিয়ে দেন যে, জুলাইয়ের গণ-আন্দোলনে ছাত্রীরা লাঞ্ছিত হওয়ায় তরুণ সমাজ যেভাবে গর্জে উঠেছিল, ভবিষ্যতেও কোনো নারীর ওপর হাত তুললে দেশবাসী একইভাবে বিস্ফোরিত হবে।

রাষ্ট্রীয় সংস্কার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, আমরা ক্ষমতায় এলে দুর্নীতিবাজদের বগলের নিচে আশ্রয় দেব না। যারা মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করেছে, তাদের পেট থেকে সেই টাকা বের করে আনা হবে। ব্যাংক ডাকাত ও মামলাবাজদের আইনের আওতায় আনা হবে।

নওগাঁকে উত্তরবঙ্গের ‘কৃষির রাজধানী’ উল্লেখ করে তিনি কিছু সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেন তার মধ্যে রয়েছে, শহরের প্রধান সড়ককে চার লেনে উন্নীত করা, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে সংরক্ষণাগার ও ফ্রুট প্রসেসিং ইন্ডাস্ট্রি স্থাপন ও প্রত্নতাত্ত্বিক স্থানগুলো সংরক্ষণের মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশ ঘটানো।

জনসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, যার মধ্যে ছিলেন নওগাঁর বিভিন্ন আসনের জামায়াত মনোনীত প্রার্থীগণ এবং বিশিষ্ট আইনজীবী ও ছাত্রনেতারা। জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই নওগাঁর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিল নিয়ে সমাবেশস্থলে সমবেত হন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন