এসি মিলান ও ইন্টার মিলানের মধ্যকার ২৪৭তম ডার্বি ম্যাচটি মাঠে গড়াচ্ছে রাতে। ম্যাচটি উপলক্ষে গ্যালারিতে আনছে বড় কিছু পরিবর্তন। হ্যালোউইনের রাতটি দুই দলের যেকোনো এক দলের জন্য ভয়ের কারণ হতে পারে, তবে একই সঙ্গে এটি সান সিরোতে ফিরিয়ে আনছে রেকর্ড দর্শক উপস্থিতি এবং দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকা চোখ ধাঁধানো গ্যালারি শো।
দীর্ঘ বিরতির পর গিউসেপ্পে মেয়াৎসা স্টেডিয়ামের গ্যালারিতে আবারও দেখা মিলবে ব্যানার ও দৃষ্টিনন্দন কোরিওগ্রাফির।
আজ রাতের ডার্বি ম্যাচটি হতে যাচ্ছে ২০১৯ সালের মার্চের পর থেকে সর্বোচ্চ দর্শকপূর্ণ ম্যাচ। এই উপলক্ষে স্টেডিয়ামের দুই প্রান্তের তৃতীয় টায়ারের নিরাপত্তার আবরণ বা কভারগুলো সরিয়ে ফেলা হয়েছে এবং বিক্রির জন্য উন্মুক্ত করা হয়েছে আড়াই হাজারের বেশি আসন।
২০১৯ সাল থেকে ওই অংশগুলোর কাঠামোগো নিরাপত্তা নিশ্চিত করতে কভারগুলো ব্যবহার করা হতো। তবে প্রভিন্সিয়াল সুপারভাইজরি কমিশনের সবুজ সংকেতের পর আসনগুলো পুনরায় বিক্রির জন্য উন্মুক্ত করা হয়েছে এবং ডার্বিতে আবারও ৭৫ হাজারের বেশি দর্শকের সমাগম আশা করা হচ্ছে।
সিরি আ, ফিগো, প্রিফেক্ট এবং পুলিশ কমিশনারের কার্যালয় কর্তৃক দুই ক্লাবের কার্ভা (গ্যালারি) অংশগুলোর তদন্ত এবং পরবর্তী বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন ধরে স্টেডিয়ামে ব্যানার ও কোরিওগ্রাফির প্রদর্শন বন্ধ ছিল। অবশেষে সেই দীর্ঘ বিরতি ভেঙে (নিষিদ্ধ নয় এমন) অসংখ্য ব্যানার ও বিখ্যাত কোরিওগ্রাফিগুলোর প্রত্যাবর্তন ঘটতে চলেছে গ্যালারিতে।
যথারীতি নিজেদের পরিকল্পনা গোপনই রেখেছেন আলট্রাস (উগ্র সমর্থক গোষ্ঠী) গ্রুপগুলো। তবে এসি মিলানের ক্ষেত্রে একটি বিষয় নিশ্চিত করা হয়েছে- তাদের সম্পূর্ণ ডিসপ্লে বা কোরিওগ্রাফি কেবল নীল রঙের দ্বিতীয় টায়ারেই সীমাবদ্ধ থাকছে না, বরং প্রথম ও তৃতীয় টায়ার এবং কমলা ও লাল অঞ্চলের কিছু অংশজুড়েই তা বিস্তৃত থাকবে। গ্যালারিতে একটি বিশাল কেন্দ্রীয় ব্যানার থাকবে এবং ভক্তরা প্রতিটি আসনে প্লাস্টিক কার্ড উঁচিয়ে ধরে ফুটিয়ে তুলবেন চূড়ান্ত চিত্রটি। অন্যদিকে, ইন্টার সমর্থকদের দখলে থাকা ‘কার্ভা নর্ড’-এ একটি বিশাল স্কার্ফ প্রদর্শনী দেখা যাবে বলে জানা গেছে।
