দুটি খাঁচায় ৮টি টিয়া পাখি। খাঁচার ছোট্ট ফাঁক দিয়ে বারবার উঁকি দিচ্ছিল। অবশেষে এলো মুক্তির ক্ষণ। খাঁচার দরজা খুলতেই একে একে উড়াল দিতে থাকে পাখিগুলো। কোনোটি ওপরের দিকে ছুটল; কোনোটির লক্ষ্য ছিল দূরের গাছ। চট্টগ্রামের মিরসরাইয়ে পাচারের উদ্দেশ্যে রাখা ৮টি টিয়া পাখি উদ্ধারের পর মুক্ত করেছে বন বিভাগ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার মিঠাছড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে টিয়া পাখিগুলো উদ্ধার করা হয়। একই দিন বিকেলে দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মহামায়া ইকোপার্কের বনে অবমুক্ত করা হয়েছে।
জানা গেছে, পাচারের উদ্দেশ্যে পাখিগুলো সেখানে রাখা হয়েছিল। উদ্ধার করার পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পাখিগুলোকে মহামায়া ইকোপার্কের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।
মিরসরাই বন বিভাগ কর্মকর্তা আল আমিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ৮টি টিয়া পাখি মিঠাছরা বাসস্ট্যান্ড এলাকায় পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে পাচারকারী পালিয়ে যায়। পাখিগুলো উদ্ধার করে মহামায়া ইকোপার্ক অবমুক্ত করা হয়েছে।’
