সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘ এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মেধাবী শিক্ষার্থী অনন্যা চৌধুরী জিতু।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
অনন্যা চৌধুরী জিতু বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২৩তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০২২-২৩) শিক্ষার্থী ছিলেন। তার এই অকাল ও আকস্মিক প্রয়াণে হাবিপ্রবি ক্যাম্পাসসহ সহপাঠীদের মাঝে গভীর শোক নেমে এসেছে।
পারিবারিক ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যায় দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকায় ক্যাম্পাস থেকে বাসায় ফেরার পথে একটি দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়েন জিতু। এতে তার দুটি পা-ই মারাত্মকভাবে থেঁতলে যায়। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার দ্রুত অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় চিকিৎসকদের পরামর্শে গত ২৭ সেপ্টেম্বর তার একটি পা অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলা হয়। তবে শেষ রক্ষা হয়নি; আজ দুপুরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জিতুর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে হাবিপ্রবি প্রশাসন। এক শোকবার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এদিকে জিতুর সহপাঠীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রিয় বন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে আবেগঘন পোস্ট দিচ্ছেন। ঘাতক ট্রাক চালকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতেও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন হাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা।
