যশোর-২ আসন: নারীর থেকে পুরুষ প্রার্থীর স্বর্ণ ও মূল্যবান ধাতু বেশি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৩:১৩ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে প্রধান দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত সাবিরা সুলতানা মুন্নীর ৩০ তোলা ওজনের স্বর্ণালংকার রয়েছে, যার দাম ৫০ হাজার টাকা। বিপরীতে পুরুষ প্রার্থী জামায়াতের ডা. মোসলেহ উদ্দিন ফরিদের স্বর্ণসহ অন্যান্য মূল্যবান ধাতু ও পাথরে তৈরি অলংকার রয়েছে ৬২ লাখ টাকা মূল্যের। তবে তার স্ত্রীর কোনো অলংকার নেই। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা বিশ্লোষণ করে এই চমকপ্রদ তথ্য পাওয়া গেছে।

হলফনামায় সাবিরা সুলতানা নিজের শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক উল্লেখ করেছেন। তার নামে রুজু হওয়া তিনটি মামলা চলমান রয়েছে, আটটি মামলা থেকে তিনি খালাস পেয়েছেন। তার সম্পদের আর্থিক মূল্য পাঁচ কোটি টাকা।

অন্যদিকে, জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ পেশায় চিকিৎসক। তার স্ত্রী শিক্ষকতা করেন। দেশের বাইরে এই দম্পতির তিন কোটি ৬৫ লাখ ৮০ হাজার টাকার সম্পত্তি রয়েছে। দেশে সঞ্চয়পত্র, স্থায়ী আমানত রয়েছে ৯৫ লাখ টাকার।

ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা (৪৯) নিজেকে গৃহিণী, ব্যবসায়ী ও সমাজসেবী হিসেবে পরিচয় দিয়েছেন। তার বিরুদ্ধে রুজু হওয়া মোট ফৌজদারী মামলার সংখ্যা ১১টি। এর মধ্যে আটটি থেকে তিনি খালাস পেয়েছেন। বিচারাধীন, চলমান ও রিভিউ শুনানির পর্যায়ে রয়েছে তিনটি মামলা।

কৃষিখাত থেকে এই নারীর বার্ষিক আয় দুই লাখ ৯১ হাজার ৫০০ টাকা। বাড়ি, অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক স্থাপনা থেকে আয় এক লাখ ২০ হাজার টাকা, ব্যবসা থেকে আয় দুই লাখ ৫৮ হাজার ৭৬৫ টাকা। তার কাছে নগদ টাকা রয়েছে ৭ লাখ ৮০ হাজার। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ৬৫ লাখ টাকার বেশি।

এছাড়া স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতু রয়েছে মাত্র ৫০ হাজার টাকা মূল্যের। অর্জনের সময় এসব সম্পত্তির মোট মূল্য ছিল এক কোটি ৬১ লাখ ৬৮ হাজার টাকা। এখন যার দাম দাঁড়িয়েছে আড়াই কোটি টাকা। বিএনপি প্রার্থীর নামে ৩৭১ শতক কৃষি ও ৩০৭ শতক অকৃষি জমি রয়েছে; যার মোট দাম ৮৫ লাখ টাকার বেশি। এক হাজার ৭৭৭ ও এক হাজার ৩১৫ বর্গফুটের দুটি ফ্ল্যাট এবং একটি বাড়ি রয়েছে তার। অর্জনকালে এগুলোর মোট দাম ছিল এক কোটি ৪৪ লাখ ৭০ হাজার টাকা; যা এখন বেড়ে দাঁড়িয়েছে আড়াই কোটি টাকায়।

অন্যদিকে, ইংল্যান্ড থেকে দেশে ফিরে জামায়াতে ইসলামীর প্রার্থী হওয়া ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ বিপুল সম্পত্তির মালিক। তার নিজের সঞ্চয়পত্র ও স্থায়ী আমানত রয়েছে ৯৫ লাখ এবং স্ত্রীর ৮৫ লাখ ৪৭ হাজার টাকার। তার ৬২ লাখ টাকা দামের গাড়ি আছে। রয়েছে ছয় লাখ টাকা দামের আগ্নেয়াস্ত্র। বিদেশে এই দম্পতির বিপুল সম্পত্তি রয়েছে। হলফনামায় তিনি দেখিয়েছেন বিদেশে তার তিন কোটি ৬৫ লাখ ৮০ হাজার এবং স্ত্রীর নামে এক কোটি ৮৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের স্থাবর সম্পত্তি রয়েছে। প্রার্থীর নিজ নামের এসব সম্পত্তি অর্জনকালে মূল্য ছিল এক কোটি ৯৪ লাখ টাকা; যার বর্তমান বাজারদর এক কোটি ৯৯ লাখ টাকা। তার স্ত্রীর মোট সম্পত্তির দাম ৯৮ লাখ টাকা।

বাংলাদেশে মোসলেহ উদ্দিনের ৬০ শতক অকৃষি জমি ও ৬৮ লাখ টাকার বাড়ি বা অ্যাপার্টমেন্ট রয়েছে। বিদেশে তার ১৬ কোটি ১৭ লাখ টাকার স্থাবর সম্পত্তি রয়েছে। এই প্রার্থীর সোনা ও অন্যান্য মূল্যবান ধাতু ও পাথরে তৈরি অলংকার রয়েছে ৬২ লাখ টাকা মূল্যের। তবে তার স্ত্রীর কোনো অলংকার নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর