যুদ্ধে সৌদিতে আটকা মুশফিক দেশে ফিরছেন কাল

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১ মার্চ ২০২৬, ০৭:৪৯ পিএম

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে উমরাহ পালন শেষে সৌদি আরবে আটকে পড়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় মুশফিকুর রহিম। অবশেষে স্বস্তির খবর দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। আগামীকাল সকালেই দেশে ফিরতে পারবেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

উমরাহ পালনের জন্য সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় গিয়েছিলেন মুশফিক। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দেশে ফেরার কথা থাকলেও যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে বিমান চলাচল ব্যাহত হয়। ফলে জেদ্দা বিমানবন্দরেই আটকা পড়েন তিনি।

রবিবার (১ মার্চ) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গণমাধ্যমকে জানান, আমি ব্যক্তিগতভাবে এটা মনিটর করছি। ইতোমধ্যে আমার সাথে মুশফিকুর রহিমের কথাও হয়েছে। আমাদের ক্রিকেট বোর্ডের সাথে কথা হয়েছে। আশা করছি একটা ফিরতি ফ্লাইটে আগামীকাল সকালেই দেশে ফিরতে পারবে মুশফিক। এখনো পর্যন্ত মুশফিক ভালো আছে, সুস্থ আছে।

এর আগে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শঙ্কার কথা জানিয়েছিলেন মুশফিক। তিনি লেখেন, আমি কয়েকদিন আগে উমরাহ হজের জন্য মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ্, আমার হজ (উমরাহ) শেষ করেছি এবং আজ দুবাই হয়ে (এমিরেটস এয়ারলাইন্সে) বাংলাদেশে ফেরার কথা ছিল। আমরা আজ সকালে জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ইকে ০৮০৬ ফ্লাইটে রওয়ানা হয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধের কারণে সমস্ত ফ্লাইট জেদ্দায় ফিরে এসেছে।

তিনি আরও লেখেন, এখন আমি আরও হাজার হাজার যাত্রীর সঙ্গে জেদ্দা বিমানবন্দরে অবস্থান করছি। একমাত্র মহান আল্লাহই জানেন আমরা অন্যান্য বাংলাদেশিদের সঙ্গে কখন এবং কীভাবে ঢাকা পৌঁছাতে পারব।

ক্রীড়া প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, অচিরেই স্বস্তি ফিরতে চলেছে মুশফিক ও তার পরিবারের সদস্যদের মধ্যে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর