যুবদল নেতা নাছির উদ্দীন বাবুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ এএম

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন যুবদল সাবেক সহ-সভাপতি নাছির উদ্দীন বাবুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে পূর্বে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা বাতিল করে তার প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে গত ১৮ মার্চ ২০২৫ তারিখে নাছির উদ্দীন বাবুলকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীকালে তার আবেদনের প্রেক্ষিতে এবং দলের প্রতি আনুগত্য বিবেচনা করে ২২ সেপ্টেম্বর ২০২৬ কক্সবাজার জেলা যুবদল সহ-দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

চকরিয়া উপজেলা যুবদল সভাপতি মোহাম্মদ জাকারিয়া বিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করে জানান, দলীয় নির্দেশনা ও জেলা সংসদের সিদ্ধান্ত অনুযায়ী নাছির উদ্দীন বাবুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে তিনি দলীয় নীতি ও আদর্শ বজায় রেখে যুবদলের সকল সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন।

এদিকে নাছির উদ্দীন বাবুলের বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর এলাকায় পৌঁছালে খুটাখালী ইউনিয়ন যুবদল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। তারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জেলা ও উপজেলা নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যুবদল নেতা নাছির উদ্দীন বাবুল বলেন,আমি কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য,বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং কক্সবাজার জেলা ও চকরিয়া উপজেলা যুবদল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে খুটাখালী ইউনিয়নে জাতীয়তাবাদী যুবদলকে আরও বেশি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গতিশীল করতে এবং রাজপথের আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন