মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেনের ভাড়ায় বিশেষ ছাড়ের কথা জানিয়েছেন সড়ক পরিবহণ, রেল ও নৌ পরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম রবি। মন্ত্রী জানিয়েছেন বয়স্ক, প্রতিবন্ধী এবং শিক্ষার্থীরা মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেনের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন। মঙ্গলবার (৩মার্চ) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, যাদের বয়স ৬৫ বছরের বেশি, যারা প্রতিবন্ধী এবং যারা শিক্ষার্থী রয়েছেন তারা নিজ নিজ আইডি কার্ড এবং ন্যাশনাল আইডি কার্ড ব্যবহার করে ট্রেনের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন। আগামী কুরবানি ঈদের আগে এ সুযোগ চালু করা হবে।
রেলের উন্নয়নের নামে বিগত সরকার শুধু খরচই করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, বিগত সরকার রেলের প্রায় এক লাখ কোটি টাকার বেশি টাকার উন্নয়ন কাজ করেছে। তবে আসলে রেলের কোনো উন্নয়ন হয়নি, সবই কাগজে-কলমে। উল্টো রেলের ইঞ্জিন কম, রেল চলে না, ভেঙে যায়। রেলমন্ত্রী বলেন, আমরা রেলের একেবারে সার্বিক উন্নয়ন চাচ্ছি। এখন যে সমস্ত ট্রেন চালু আছে তার গতিবৃদ্ধি এবং অল্প সময়ে যাতায়াত কীভাবে সম্ভব করা যায় তার জন্য বিদ্যমান কিছু প্রকল্প আছে। দ্রুত এসব প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে। মন্ত্রীর তথ্যমতে, নতুন কিছু প্রকল্প নেয়া হচ্ছে, সেগুলো বাস্তবায়ন হলে রেল সেবা আরও শক্তিশালী হবে, জনবান্ধব ও মানসম্মত হবে।
