রাজবাড়ীর পাংশায় পরিত্যক্ত অবস্থায় ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। শুক্রবার (৯ অক্টোবর) ভোরে উপজেলার বিষ্ণুপুর এলাকায় অভিযান চালিয়ে ককটেলগুলো উদ্ধার করা হয়।
এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার, তপন সরকার শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআরবি সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল পাংশা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় ওই এলাকার একটি আমবাগানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৪২টি ককটেল উদ্ধার করা হয়। উদ্ধার করা সব ককটেলই অবিস্ফোরিত অবস্থায় ছিল বলে জানিয়েছে এসআরবি।
তবে এসব ককটেল কে বা কারা সেখানে রেখেছে কিংবা এগুলো ব্যবহার করে কোনো ধরনের নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিষ্ণুপুরের একটি আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। ককটেলগুলো কে বা কারা সেখানে রেখেছে এবং এগুলো কোনো নাশকতার পরিকল্পনায় ব্যবহারের জন্য মজুত করা হয়েছিল কি না, সে বিষয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।’
তিনি আরও বলেন, ‘অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এসআরবি নিয়মিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
