রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে আমিরুল ইসলাম (৩০) নামে এক যুবকের গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার নবাবপুর ইউনিয়নের দুবলাবাড়িয়া গ্রামে নিজ বাড়ির পাশের একটি মেহগনি গাছের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় তার লাশ দেখতে পান পরিবারের সদস্যরা।
নিহত আমিরুল ইসলাম ওই গ্রামের আব্দুল খালেক শেখের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক ৯টা থেকে মঙ্গলবার ভোর ৫টার মধ্যে যে কোনো সময় এ ঘটনা ঘটে থাকতে পারে। সকালে পরিবারের লোকজন আমিরুল ইসলামকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তার বড় ভাই জহিরুল শেখ বাড়ির পাশে মেহগনি গাছের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় আমিরুল ইসলামকে দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে গাছ থেকে নামানো হয়।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে প্রতীয়মান হলেও মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পারিপার্শ্বিক বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’
