রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৯ পিএম

বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে অবস্থিত পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তিনি এই শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণের পর আইজিপি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহিদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন। এ সময় বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। বিউগলে বেজে ওঠে করুণ সুর।

শ্রদ্ধা নিবেদনকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তারা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের সেবায় জীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের সাহসিকতাকে স্মরণ করেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর