রাতে ছেলেকে নিজ হাতে খাবার খাইয়ে মাদ্রাসায় রেখে এসেছিলেন মা। কিন্তু পাঁচ ঘণ্টার ব্যবধানে সেই ছেলেই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। ১৪ বছরের আজিজুল ইসলাম সিয়াম এখন মেশিনের সাহায্যে শ্বাস নিচ্ছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) কথাগুলো বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন সিয়ামের মা সোনিয়া আক্তার।
নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন সিয়াম। সন্তানের সুস্থতার খবরের আশায় আইসিইউর সামনে অপেক্ষার প্রহর গুনছেন মা। চিকিৎসকদের কাছ থেকে ছেলের শারীরিক অবস্থার খবর জানার আশায় কাটছে তার প্রতিটি মুহূর্ত।
সোনিয়া জানান, সোমবার রাত ৯টার দিকে ছেলের জন্য খাবার দিয়ে এসেছিলেন তিনি। তখনো বুঝতে পারেননি, কয়েক ঘণ্টার ব্যবধানে ছেলের এমন অবস্থা হবে। এরপর থেকে আর ছেলের সঙ্গে কথা হয়নি। চিকিৎসকদের কাছে বারবার ছেলের শারীরিক অবস্থার কথা জানতে চাইছেন। তারা তাকে সান্ত্বনা দিয়ে বলছেন, ছেলে লাইফ সাপোর্টে আছে, দোয়া করতে হবে।
সোনিয়া বলেন, ‘মেশিনের সাহায্যে ওর শ্বাস-প্রশ্বাস চালু রাখা হয়েছে। পেটের ভেতরের গ্যাস পরিষ্কারের জন্য ওয়াশ করা হয়েছে। একজন মা হিসেবে সন্তানের এমন অবস্থা দেখা কতটা কষ্টের, তা ভাষায় বোঝাতে পারব না। আল্লাহর কাছে শুধু একটাই প্রার্থনা, আমার মানিককে সুস্থ করে আবার আমার কোলে ফিরিয়ে দিন।’
আগুনের ধোঁয়ায় সিয়ামের ফুসফুস গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। একই ঘটনায় গুরুতর অসুস্থ আরও তিন শিক্ষার্থী খায়রুল (২২), ইউসুফ (১৭) ও জোবায়ের পাঠান (১৭) আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ও অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান পাপন জানান, ঘটনার পর থেকে পর্যায়ক্রমে ৭৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৪ জনকে ইতোমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে। অন্যদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা।
ডা. মোহাম্মদ রবিউল করিম খান পাপন বলেন, গুরুতর রোগীদের রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখতে সমস্যা হচ্ছে। কারও কারও কাশির সঙ্গে রক্ত আসছে। এ ছাড়া শ্বাসকষ্ট, পেটে ব্যথা, চোখে জ্বালাপোড়া ও তীব্র মাথাব্যথার মতো উপসর্গ দেখা দিয়েছে। আগুনের ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে শরীরে অক্সিজেনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।
তিনি আরও বলেন, চারজন রোগী ক্রিটিক্যাল কেয়ারে রয়েছেন। তাদের মধ্যে একজন ভেন্টিলেটর সাপোর্টে আছেন। তার চিকিৎসায় পালমোনোলজিস্ট ও শ্বাসতন্ত্রের বিশেষজ্ঞরা কাজ করছেন। কয়েকজন রোগীর চোখও বার্নে আক্রান্ত হয়েছে। তাদের চিকিৎসায় চক্ষু বিশেষজ্ঞ যুক্ত করা হয়েছে। ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের সমন্বয়ে রোগীদের চিকিৎসা চলছে।
মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি আজিজুর রহমান বলেন, মাদ্রাসার যে স্থানে আগুনের সূত্রপাত হয়েছে, সেখানে কোনো শিক্ষার্থী ছিল না। তবে আগুন লাগার পর পুরো মাদ্রাসায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। মাদ্রাসায় একাধিক সিঁড়ি থাকায় সবাই দ্রুত বের হতে পেরেছে।
