লাল পাসপোর্ট হস্তান্তর করেছেন ড. ইউনূস

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৫ এএম

সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দায়িত্বে থাকাকালীন সময়েই তার কূটনৈতিক (লাল) পাসপোর্ট হস্তান্তর করেছেন। প্রায় এক সপ্তাহ আগে তিনি পাসপোর্টটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেন। সরকারের দায়িত্ব ছাড়ার প্রক্রিয়ার অংশ হিসেবে অন্য উপদেষ্টা ও উপদেষ্টার পদমর্যাদার ব্যক্তিদের মধ্যেও অনেকে একই পদক্ষেপ নিয়েছেন।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা এবং উপদেষ্টার পদমর্যাদার মিলিয়ে প্রায় ২০ জন ইতোমধ্যে তাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন। সংশ্লিষ্টরা জানান, প্রধান উপদেষ্টা সপ্তাহখানেক আগে পাসপোর্ট ছেড়েছেন এবং অন্যরাও ভোটের আগেই পাসপোর্ট হস্তান্তর সম্পন্ন করেছেন।

সরকারের এক কর্মকর্তা বলেন, বিদায়ী সরকারের অধিকাংশ উপদেষ্টা লাল পাসপোর্ট ফেরত দিয়েছেন। তবে যারা এখনো হস্তান্তর করেননি, তাদের তাৎক্ষণিকভাবে জমা দেওয়ার বাধ্যবাধকতা নেই। নির্ধারিত সময়ের মধ্যে নিয়ম অনুযায়ী তাঁদেরও পাসপোর্ট হস্তান্তর করতে হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তরকারীদের তালিকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ছাড়াও রয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

এ ছাড়া মুক্তিযুদ্ধ ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, বাণিজ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচার এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীও লাল পাসপোর্ট জমা দিয়েছেন।

পাশাপাশি প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব (বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন) তাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন বলে জানা গেছে।

এদিকে, সাবেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দায়িত্ব হস্তান্তরের পরপরই তাদের লাল পাসপোর্ট ফেরত দেন। সংশ্লিষ্ট সূত্র বলছে, সরকারি বিধি অনুযায়ী দায়িত্ব শেষ হওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যেই কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তরের বিধান রয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন