শনিবার থেকে উড়ছে বিমানের দুবাই-আবুধাবি ফ্লাইট

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৫:৪১ পিএম

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সাময়িকভাবে স্থগিত হয়ে যাওয়া দুবাই ও আবুধাবি ফ্লাইট আগামী ১৪ ও ১৫ মার্চ আবার চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

শুক্রবার (১৩ মার্চ) বিমানের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মানিত যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৪ ও ১৫ মার্চ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে দুবাই এবং আবুধাবিগামী ফ্লাইটসমূহ পরিচালিত হবে।

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী দুবাই, আবুধাবি ও শারজাহ রুটের ফ্লাইটসমূহ গত ২৮ ফেব্রুয়ারি থেকে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।

দুবাই, আবুধাবি ও শারজাহ রুটে যেসব সম্মানিত যাত্রী ২৮ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চের মধ্যে ভ্রমণের জন্য টিকেট কিনেছিলেন, তারা উল্লিখিত ফ্লাইটসমূহে কোনো চার্জ ছাড়াই সিট বুকিং করে ভ্রমণ করতে পারবেন। বুকিং করতে যোগাযোগ করুন বিমানের যেকোনো সেলস সেন্টারে বা ক্রয়কৃত টিকেট প্রদানকারী এজেন্সি সাথে, অথবা কল করুন বিমান কলসেন্টারে (১৩৬৩৬)।

এছাড়াও যাত্রীদের সুবিধার্থে ফ্লাইটের নির্ধারিত সময়ের ৪ (চার) ঘণ্টা পূর্ব পর্যন্ত ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত বিমানের সেলস সেন্টার থেকেও বুকিং সেবা প্রদান করা হবে।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিমান কর্তৃপক্ষ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় যেকোনো হালনাগাদ তথ্য যথাসময়ে যাত্রীদের অবহিত করা হচ্ছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর