শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে ডিএমপির কড়া নির্দেশনা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৭ পিএম

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবন এলাকায় নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে আশপাশের সড়কে যান চলাচলে সাময়িক নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। অনুষ্ঠানকে ঘিরে এলাকায় ব্যাপক লোকসমাগমের সম্ভাবনায় এই সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেক রোডে যান চলাচল সীমিত থাকবে। এতে করে ওই এলাকায় চলাচলকারী সাধারণ মানুষ ও যানবাহন সাময়িক অসুবিধার সম্মুখীন হতে পারে।

তবে এসব রুট এড়িয়ে চলার জন্য ট্রাফিক বিভাগ বিকল্প পথ নির্ধারণ করে দিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়-

  • মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে ফার্মগেট ও সোনারগাঁওমুখী যানবাহন প্রতিরক্ষা গ্যাপ, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ও উড়োজাহাজ ক্রসিং হয়ে বিজয় সরণি দিয়ে ফার্মগেটের দিকে যেতে পারবে।
  • ধানমন্ডি-২৭ থেকে ফার্মগেটগামী যানবাহন আসাদগেট, প্রতিরক্ষা গ্যাপ ও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র হয়ে নির্ধারিত রুটে চলাচল করবে।
  • আসাদগেট থেকে ফার্মগেটগামী যানবাহন গণভবন ক্রসিং হয়ে প্রতিরক্ষা গ্যাপ দিয়ে বিকল্প সড়ক ব্যবহার করবে।
  • এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ইন্দিরা রোড থেকে ধানমন্ডিগামী যানবাহন খেজুর বাগান ক্রসিং, উড়োজাহাজ ক্রসিং, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র হয়ে আসাদগেট রুট ব্যবহার করতে পারবে।
  • মিরপুর রোড থেকে দক্ষিণমুখী যানবাহন শ্যামলী, শিশুমেলা ও গণভবন হয়ে ধানমন্ডি-২৭ অভিমুখে চলাচল করতে পারবে।

এছাড়া অনুষ্ঠান চলাকালে যানজট এড়াতে ফার্মগেট এক্সিট র‍্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‍্যাম্প ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

ডিএমপি যানবাহন চালকদের মানিক মিয়া অ্যাভিনিউ ও লেক রোড এড়িয়ে চলার বিশেষ অনুরোধ জানিয়েছে। নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করে ডিএমপি জানায়, শপথ গ্রহণ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন