শহীদ জামালের মেয়ে ও কৃতী শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ জামালের কন্যা তানিয়া আক্তারের বিয়ে উপলক্ষে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী জপেল চাকমাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের নেতৃত্বে আজ শুক্রবার সকালে চট্টগ্রামের প্রেসক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে শহীদ জামালের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বিশেষ এই উপহার তুলে দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ সময় শহীদ জামালের সহধর্মিণী তাসলিমা আক্তারের সঙ্গে কথা বলেন এবং তার পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ জপেল চাকমার জন্যও শুভেচ্ছা উপহার দিয়ে তার পড়াশুনার জন্য মাসিক শিক্ষা বৃত্তি ঘোষণা দেন তিনি। এ ছাড়া ব্লাড ক্যান্সারে আক্রান্ত মার্জিয়া আক্তার মাইশার চিকিৎসা সহায়তা দেয় ‘আমরা বিএনপি পরিবার’।

মানবিক এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি। এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপি নেতা মো. আবুল কাশেম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও সদস্য মাসুদ রানা লিটন প্রমুখ।