বাংলাদেশের নাগরিকদের মধ্যে যারা ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের (বি১/বি২) ভিসার জন্য নির্বাচিত হবেন, তাদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ‘ভিসা বন্ড’ জমা দিতে হবে। বুধবার (২১ জানুয়ারি) থেকে এ শর্ত কার্যকর হবে। তবে শিক্ষার্থীদের জন্য এই ‘ভিসা বন্ড’ লাগবে না।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ভিসা বন্ড প্রযোজ্য নয়। কেবলমাত্র প্রযোজ্য ক্ষেত্রে ব্যবসা বা পর্যটন (বি১/বি২) ভিসা আবেদনকারীদের বন্ড পরিশোধ করতে হবে।
একইসাথে, দূতাবাস থেকে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সাক্ষাৎকারের আগে কোনো অবস্থাতেই বন্ড পরিশোধ করবেন না বলে জানানো হয়েছে। আগাম বন্ড পরিশোধ করলে, তা ভিসা পাওয়ার নিশ্চয়তা দেয় না। এছাড়া তৃতীয় পক্ষের ওয়েবসাইটের মাধ্যমে অর্থ লেনদেন প্রতারণামূলক হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
দূতাবাস জানায়, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশের নাগরিকদের মধ্যে যারা ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিসার জন্য অনুমোদিত হবেন, তাদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে ২১ জানুয়ারি ২০২৬-এর আগে ইস্যু করা বৈধ বি১/বি২ ভিসাধারীদের ক্ষেত্রে এই নতুন শর্ত প্রযোজ্য হবে না।
যুক্তরাষ্ট্রের ভিসা সংক্রান্ত সঠিক ও হালনাগাদ তথ্যের জন্য দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট https://bd.usembassy.gov/visas/ দেখার অনুরোধ করেছে দূতাবাস।
