শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ আটক

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ এএম

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে আনু মিয়া নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে তাকে আটক করা হয়। গত মঙ্গলবার দুপুরে তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। 

অভিযুক্ত আনু মিয়া (৮০) উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নে একটি গ্রামের বাসিন্দা। তবে তিনি একই ইউনিয়নের আরেকটি গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করেন।  

স্থানীয় লোকজন ও শিশুটির স্বজনরা জানান, শিশুটির মা–বাবা ঋণের কারণে প্রায় এক মাস ধরে এলাকায় নেই। এ কারণে মেয়েটি তার চাচা ও চাচির কাছে থাকছে। ঘটনার দিন শিশুটিকে টাকার প্রলোভন দেখিয়ে আনু মিয়া ঘরে নিয়ে যান। শিশুটির সঙ্গে থাকা আরেক শিশুকে ৫০ টাকা দিয়ে সেখান থেকে চলে যেতে বলা হয়। এরপর মেয়েটিকে ধর্ষণচেষ্টা করে বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন আনু মিয়াকে আটক করেন। ওই দিন রাতে একটি বৈদ্যুতিক পিলারের সঙ্গে বেঁধে রাখা হয়। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার কথা বলে পরে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।

শিশুটির জানায়, এর আগেও ওই ব্যক্তি তার সঙ্গে এমন আচরণ করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন আনু মিয়া। স্থানীয় লোকজন তাকে আটকের পর বৈদ্যুতিক পিলারের সঙ্গে বেঁধে রাখার সময় তিনি বলেন, শিশুটি তার কাছে তরকারি নিতে গিয়েছিল। শিশুটির ওপর কোনো ধরনের নির্যাতনের চেষ্টা তিনি করেননি বলেও দাবি করেন।

ঘটনার দিন মনোহরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুনয়ন বড়ুয়া একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। 

এসআই সুনয়ন বড়ুয়া বলেন, ‘আমি এবং আরেকজন উপপরিদর্শক ৯৯৯–এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। তখন অভিযুক্ত ব্যক্তিকে বৈদ্যুতিক পিলারের সঙ্গে বাঁধা দেখিনি; জানতে পেরেছি স্থানীয়রা তাকে ছেড়ে দিয়েছেন। পরে আমরা শিশুটির পরিবারের সঙ্গে কথা বলেছি তারা বলেছে এমন কিছু ঘটেনি। এছাড়া পুলিশ সেখানে যাওয়ায় তাদের কয়েকজন বিরক্ত প্রকাশ করেছিল। পরে আমরা তাদেরকে থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়ে চলে আসি।’

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদ বলেন, ‘এমন একটি ঘটনার কথা শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত শিশুটির পরিবারের কাছ থেকে কোনো অভিযোগ পাইনি।’ 

শিশুটির মা–বাবা ঋণের কারণে এলাকাছাড়া বিষয়টি তার নজরে আনা হলে ওসি বলেন, ‘বিষয়টি তিনি জানতেন না। এখনই আবার ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। এরপর এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আনু মিয়াকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।’

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর