শেরপুরে চোর সন্দেহে এক যুবককে বাড়ি থেকে ধরে নিয়ে দেয়ালের সাথে ঝুলিয়ে পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার সকালে সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের চৈতনখিলা পশ্চিমপাড়া সাতঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভিডিওটি শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পাকুরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. জসিম উদ্দিন তার ফেসবুক আইডি থেকে পোস্ট করেন। ভিডিওটি পোস্ট করে নিন্দা জানান ও ঘটনার সাথে জড়িতদের বিচার দাবি করেন।
সেটি নিয়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
ভুক্তভোগী নিলু মিয়া (২৫) পাকুরিয়া ইউনিয়নের গনই মমিনাকান্দা গ্রামের বাসিন্দা।
নিলু মিয়ার মা অভিযোগ করে বলেন, আমার নিরপরাধ ছেলেকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে ধরে নিয়ে দেয়ালের সাথে ঝুলিয়ে অন্যায়ভাবে মারধর করা হয়েছে। বর্তমানে সে গুরুতর অবস্থায় জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
যারা আমার ছেলেকে চোর বানিয়ে এভাবে ঝুলিয়ে মারপিট করেছে, তারা নিজেরাই নেশাখোর ও চোর। আমি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানাই।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
