মালয়েশিয়ার সাইবারজায়ায় মে দিবস ২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ইসলামিক বিষয়ক “প্রাইম ফোরাম”, যেখানে শ্রমজীবী মানুষের কর্মজীবন ও আধ্যাত্মিক জীবনের মধ্যে ভারসাম্য রক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। “ওয়ার্কিং হ্যান্ডস, প্রেইং হার্টস” প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রাজা হাজী ফি সাবিলিল্লাহ মসজিদে। মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় (কেসুমা) এবং স্থানীয় কমিউনিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই ফোরামে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ওয়াইবি দাতুক খাইরুল ফিরদাউস বিন আকবর খান, কেসুমার উপ-মহাসচিব (নীতি ও আন্তর্জাতিক) ড. হাজী মোহদ শাহারিন বিন উমর এবং উপ-মহাসচিব (অপারেশনস) সুতেকনো বিন আহমাদ বেলনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাষ্ট্রীয় টেলিভিশন আরটিএম টিভি ওয়ানে সরাসরি সম্প্রচারিত এ ফোরামে সঞ্চালকের দায়িত্ব পালন করেন উস্তাজ নাবিল আহমাদ। আলোচক হিসেবে অংশ নেন পাহাংয়ের ডেপুটি মুফতি দাতো’ হাজী বাদলি শাহ বিন হাজী আলাউদ্দিন এবং মালয়া বিশ্ববিদ্যালয়ের এপিআইইউএম অনুষদের অধ্যাপক প্রফেসর ড. শরীফাহ হায়াতি বিনতে সৈয়দ ইসমাইল।
ফোরামে বক্তারা বলেন, আধুনিক কর্মজীবনের চাপ ও চাহিদার মধ্যেও আধ্যাত্মিক মূল্যবোধ ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি সমৃদ্ধ ও ভারসাম্যপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ মালয়েশিয়া মাদানি ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে কল্যাণ, মানবতা ও টেকসই উন্নয়নের মূলনীতিকে গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে শারীরিক, মানসিক, আধ্যাত্মিক ও বুদ্ধিবৃত্তিকভাবে ভারসাম্যপূর্ণ সমাজ বিনির্মাণের লক্ষ্য নিয়েই এ আয়োজন করা হয়েছে।
