বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর ৩০০ ফিট এলাকাসহ নির্ধারিত সংবর্ধনাস্থলে ক্ষতিগ্রস্ত গাছের পরিবর্তে নতুন চারা রোপণ করেছে দলটির নেতাকর্মীরা।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ৩০০ ফিট মহাসড়কের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। তিনি নিজ হাতে একাধিক চারা রোপণ করেন।
এ সময় আমিনুল হক বলেন, সংবর্ধনা উপলক্ষে জনসমাগমের কারণে কিছু গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, সে ক্ষতি পুষিয়ে নিতে নিমসহ বিভিন্ন ফলদ গাছ রোপণ করা হচ্ছে। নার্সারি থেকে ২০০ থেকে ৩০০টি চারা সংগ্রহ করা হয়েছে। প্রয়োজনে আরও গাছ লাগানো হবে। এ কর্মসূচি সারাদিনব্যাপী চলবে।
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষা ও দেশের সৌন্দর্য সংরক্ষণ সামাজিক দায়িত্বের অংশ। বিএনপি অতীতেও এ ধরনের সামাজিক কার্যক্রম করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
ত্রয়োদশ জাতীয় নির্বাচন প্রসঙ্গে আমিনুল হক বলেন, বাংলাদেশ সবার। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠায় বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের জন্য রাজনীতি করার অঙ্গীকার রয়েছে দলের।
এ সময় তিনি জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন স্থানে লাগানো ব্যানার ও ফেস্টুন পর্যায়ক্রমে অপসারণ করে পরিচ্ছন্নতা বজায় রাখার উদ্যোগ নেয়া হয়েছে।
এর আগে শুক্রবার সকালে আমিনুল হকের নেতৃত্বে সংবর্ধনাস্থলের আশপাশে পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
