নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে মাছুম মিঞা নামে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাইদুল নামের এক যুবদল নেতার বিরুদ্ধে। হামলায় তার বাম চোখের ওপরের অংশে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর রক্তাক্ত জখম হয়েছে।
এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এসে তার বড় ভাই মাসুদ মিঞাও হামলার শিকার হয়েছেন। হামলাকারীরা মাসুদ মিঞার পকেট থেকে ২৫ হাজার টাকা নিয়ে গেছে বলেও অভিযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে রূপগঞ্জ থানাধীন মঠের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক মো. মাছুম মিঞা ‘দৈনিক যুগ যুগান্তর’ পত্রিকা ও অনলাইন সংবাদমাধ্যম ‘এমএইচ নিউজ-২৪’-এর রূপগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ঘটনায় সাংবাদিক মাছুম মিঞা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে রূপগঞ্জ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের ছাইদুল ইসলাম সাহেদ (৩০), জাঙ্গির এলাকার জাহিদুল (৪০), আবু সাঈদসহ (৩৫) অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট অভিযুক্তদের বিষয়ে অনলাইনে একটি সংবাদ প্রকাশের পর থেকেই সাংবাদিক মাছুম মিঞাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে আসছিল যুবদল নেতা ছাইদুল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে মুড়াপাড়া ইউনিয়নের মঠের ঘাট এলাকায় অভিযুক্তরা দেশীয় অস্ত্র, ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তার গতিরোধ করেন।
এ সময় অভিযুক্তদের একজনের হাতে থাকা চাপাতি দিয়ে মাছুম মিঞার বাম চোখের ওপরের অংশে আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে তাকে বাঁচাতে তার বড় ভাই মাসুদ মিঞা এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। একপর্যায়ে তার পকেট থেকে নগদ ২৫ হাজার টাকা নিয়ে যায় হামলাকারীরা।
পরে তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান।
নারায়ণগঞ্জ ‘গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আহত সাংবাদিক বাদী হয়ে একটি অভিযোগ করেছেন। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে।
