সংসদের প্রথম অধিবেশনের সভাপতি হলেন খন্দকার মোশাররফ হোসেন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১১:৩৮ এএম

নতুন উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে যাত্রা শুরু করলো ত্রয়োদশ জাতীয় সংসদ। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টা ৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সংসদের প্রথম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ক্বারী মোহাম্মদ আবু রায়হান অধিবেশনে কোরআন তেলাওয়াত করেন।

অধিবেশনের শুরুতে সংসদ সচিব কানিজ মাওলা উপস্থিত সকল সংসদ সদস্যকে স্বাগত জানান। এরপর সংসদীয় রীতি অনুযায়ী অধিবেশন পরিচালনার জন্য একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যের নাম প্রস্তাব করতে সংসদ নেতাকে আহ্বান জানান তিনি।

এ সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি হিসেবে বর্ষীয়ান রাজনীতিক ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। তার এই প্রস্তাবের প্রতি সমর্থন জানান বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রস্তাবটি গৃহীত হওয়ার পর ড. খন্দকার মোশাররফ হোসেন সভাপতির আসনে আসীন হন এবং অধিবেশন পরিচালনা করেন।

অধিবেশনে সংসদ নেতা তারেক রহমানের নেতৃত্বে সরকারি দলের সংসদ সদস্যরা যোগ দেন। পাশাপাশি বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সংসদ সদস্যরাও অধিবেশনে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন