সংসদ প্রাঙ্গণে ‘জঙ্গি এমপি’ বলে কটাক্ষ, তদন্ত চাইলেন হানজালা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পিএম

জাতীয় সংসদ ভবনে স্পিকারের স্ত্রীর জানাজায় অংশ নিতে যাওয়ার সময় মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদউদ্দীন আহমাদ হানজালাকে ‘জঙ্গি’ সম্বোধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্পিকারের কাছে সিসিটিভি ফুটেজ দেখে তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনে পয়েন্ট অব অর্ডারে (৭১ বিধি) দাঁড়িয়ে তিনি এ দাবি জানান। অধিবেশনে সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

সংসদে ফ্লোর নিয়ে সাইদউদ্দীন আহমাদ হানজালা বলেন, আমি প্রথমবার দাঁড়িয়ে কথা বলছি। চেয়েছিলাম যখন আমার সময় আসবে আনুষ্ঠানিকভাবে সুন্দরভাবে কথা বলব। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, গত ২৩ মার্চ স্পিকারের সহধর্মিণীর জানাজায় আমি এসেছিলাম। দক্ষিণ প্লাজা দিয়ে ভেতরে ঢোকার সময় একদম কাছাকাছি পেছন থেকে কেউ একজন আমাকে সম্বোধন করে বলছিল— ‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার কথা উল্লেখ করে তিনি বলেন, একটু পর সোশ্যাল মিডিয়াতে দেখলাম বিষয়টি নিয়ে খুব লেখালেখি ও ভিডিওটা নিয়ে আলোচনা চলছে। জাতীয় সংসদের একজন রানিং এমপিকে সংসদ এলাকায় যখন জঙ্গি বলে সম্বোধন করা হয়, এতে এই সংসদের মান ক্ষুণ্ন হয়েছে বলে আমি মনে করি।

নিজেকে জঙ্গি বলার পেছনের কারণ উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, আমার মাথায় একটি পাগড়ি এবং পরনে সাদা পাঞ্জাবি ছিল, যা সুন্নতে রাসূল। এটার জন্যই হয়তো সে আমাকে ওইভাবে জঙ্গি বলে সম্বোধন করেছে। কিন্তু আল্লাহর নবীর সুন্নত এবং এই পোশাক কোনোদিন জঙ্গির প্রতীক (সিম্বল) হতে পারে না।

ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে হানজালা স্পিকারের উদ্দেশে বলেন, আমি অনুরোধ করব, আপনি সিসিটিভি ফুটেজ দেখে স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংসদের সার্জেন্ট আ্যট আর্মসকে নির্দেশ দিন, কারা এ কাজটি করেছে তা খুঁজে বের করতে। এখানে যারা বিরোধী দল রয়েছেন এবং প্রশাসন রয়েছে, তাদের সম্মান ক্ষুণ্ন করার জন্যই হয়তো এমনটি করা হয়েছে। আপনার নির্দেশনায় সঠিক তদন্ত হলে বিষয়টি পরিষ্কার হবে।

সংসদ সদস্যের বক্তব্যের প্রেক্ষিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেন, বিষয়টি অবশ্যই অত্যন্ত দুঃখজনক। আমি আপনাকে অনুরোধ জানাব, বিশেষ অধিকার প্রশ্নে আপনি এ ব্যাপারে একটি নোটিশ দিন। বিষয়টি আমরা বিবেচনা করব।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর