কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত এক যুবকের পরিচয় শনাক্ত করতে সহযোগিতা চেয়েছে পুলিশ। গত ৮ সেপ্টেম্বর সকালে সদর দক্ষিণ থানার বারপাড়া ইউনিয়নের কুমিল্লা-লাকসাম সড়কের পাশ থেকে প্রায় ৩৫ বছর বয়সী ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
তথ্যপ্রযুক্তি ও ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করেও এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানায়, গত ৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার দিকে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার ৪ নম্বর বারপাড়া ইউনিয়নের কুমিল্লা-লাকসামগামী সড়কের পাশে অজ্ঞাতনামা ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে উদ্ধার করে মরদেহের ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।
এ ঘটনায় সদর দক্ষিণ থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেছে পুলিশ। মামলার তদন্ত ও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে নিহত ব্যক্তির পরিচয় শনাক্তকে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তথ্যপ্রযুক্তি ও ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণের মাধ্যমে নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়েছে। তবে এখন পর্যন্ত তার প্রকৃত পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
মামলার তদন্তের স্বার্থে অজ্ঞাতনামা ওই যুবকের পরিচয় শনাক্ত করা জরুরি জানিয়ে পুলিশ বলছে, ছবিতে প্রদর্শিত ব্যক্তিকে কেউ চিনে থাকলে বা তার পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে পিবিআই কুমিল্লা জেলার সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা মো. মনিরুল ইসলামকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
তদন্তকারী কর্মকর্তা মো. মনিরুল ইসলামের মোবাইল নম্বর ০১৭৮৫-৯০০-৯০০।
