বহুল আলোচিত ১এমডিবি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার রায়ের বিরুদ্ধে আগামী সোমবার আপিল করবেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী দাতুক সেরি নাজিব রাজাক। শুক্রবার পুত্রাজায়া প্যালেস অব জাস্টিসে হাই কোর্টের রায় ঘোষণার পর সাংবাদিকদের এ তথ্য জানান নাজিবের প্রধান আইনজীবী তান শ্রী মুহাম্মদ শাফি আবদুল্লাহ।রায়ের প্রতিক্রিয়ায় মুহাম্মদ শাফি বলেন, তাঁর দীর্ঘ আইনজীবী জীবনে এই প্রথমবারের মতো এমন পরিস্থিতির মুখোমুখি হলেন, যেখানে আদালতে উপস্থাপিত প্রতিরক্ষার প্রতিটি যুক্তিই খারিজ হয়ে গেছে।
তিনি বলেন, “আমরা এই রায়ে গভীরভাবে হতাশ। তবে সত্য বলতে গেলে এটি আমাদের জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল না। আমরা আগেই ধারণা করেছিলাম যে এমন ফল হতে পারে।”
তবে নাজিবের আইনজীবী আদালতের দেওয়া সাজাকে অযৌক্তিক বলে মন্তব্য করেন। বিশেষ করে জরিমানার অঙ্ককে তিনি অতিরিক্ত ও অসঙ্গত বলে উল্লেখ করেন।
এর আগে শুক্রবারই হাই কোর্ট নাজিব রাজাককে ক্ষমতার অপব্যবহার এবং অর্থপাচারের অভিযোগে দোষী সাব্যস্ত করেন। রাষ্ট্রীয় বিনিয়োগ সংস্থা ১মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ (১এমডিবি) থেকে প্রায় ২৩ বিলিয়ন রিঙ্গিত অর্থ আত্মসাতের ঘটনায় তাঁর বিরুদ্ধে আনা চারটি ক্ষমতার অপব্যবহার ও ২১টি অর্থপাচারের অভিযোগ আদালতে প্রমাণিত হয়।
রায়ে নাজিবকে মোট ১৬৫ বছরের কারাদণ্ড এবং প্রায় ১৩.৪ বিলিয়ন রিঙ্গিত জরিমানা করা হয়। তবে সব সাজা একসঙ্গে (concurrently) কার্যকর হওয়ায় তাঁকে কার্যত ১৫ বছর কারাভোগ করতে হবে।
এছাড়া বিচারক দাতুক কলিন লরেন্স সেকেরাহ নাজিবকে মোট ১১.৪ বিলিয়ন রিঙ্গিত জরিমানা পরিশোধের নির্দেশ দেন।
উল্লেখ্য, ১এমডিবি কেলেঙ্কারি মালয়েশিয়ার ইতিহাসে অন্যতম বড় আর্থিক দুর্নীতি হিসেবে বিবেচিত, যা আন্তর্জাতিক পর্যায়েও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।
