সংসদে পাস হওয়া ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬’ কোরআন ও সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক দাবি করে তা সংশোধনের আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি বলেছে, ‘মুসলিম প্রধান এ দেশে ইসলামী শরিয়াহবিরোধী কোনো আইন গ্রহণযোগ্য হবে না।’ বিলটি সংসদে উত্থাপনের আগে ইসলামী শরিয়াহ বিশেষজ্ঞদের মতামত নেওয়া উচিত ছিল বলেও মনে করে তারা।
রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকায় অনুষ্ঠিত এক জরুরি সভায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী এই দাবি জানান। সভায় ইসলামী শরিয়াহ বিশেষজ্ঞদের মতামত না নিয়ে তড়িঘড়ি করে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬’ পাস করায় তীব্র প্রতিবাদ জানানো হয়।
হেফাজতে ইসলাম বলেছে, আল্লাহর কিতাব কোরআনের আইনি কাঠামোকে পাশ কাটিয়ে নিজেদের মতো করে আইন বানানো শরিয়াহকে অবজ্ঞা করার শামিল। নতুন সম্পত্তি হস্তান্তর আইনে মুসলিমদের হেবা (দান) নিয়ে যে নতুন আইনি জটিলতার আশঙ্কা তৈরি হয়েছে, সে বিষয়েও গভীর উদ্বেগ জানিয়েছে সংগঠনটি।
সভায় মুসলিম নাগরিকদের ব্যক্তিগত আইন ও ধর্মীয় বিধানের সঙ্গে সংশ্লিষ্ট কোনো আইন প্রণয়ন বা সংশোধনের ক্ষেত্রে আলেম-ওলামা ও ইসলামী আইন বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।
আইনমন্ত্রী ও চিফ হুইপের সাম্প্রতিক বক্তব্যের নিন্দা জানিয়ে হেফাজতের নেতারা বলেন, আপত্তি তোলা ব্যক্তিরা আইন পড়েছেন কি না—এ প্রশ্ন না তুলে তাদের আপত্তির শরিয়াগত ও আইনগত ভিত্তি যাচাই করা উচিত।
হেফাজত নেতারা বলেন, হেবা প্রথা ও মুসলিম উত্তরাধিকারীদের অধিকার সুরক্ষায় বিতর্কিত বিধান পুনর্বিবেচনা ও প্রয়োজনীয় সংশোধন করে সরকারকে বেকায়দায় ফেলার চক্রান্ত থেকে রক্ষা করতে হবে। এ দাবিতে শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে প্রতিবাদ অব্যাহত রাখার কথাও জানান তারা।
সভায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে আলেম ও ফিকাহ বিশেষজ্ঞদের নিয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়।
হেফাজত আমিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, মাওলানা শায়খ সাজিদুর রহমান, মাওলানা সালাহউদ্দিন নানুপুরী, মুফতি জসিম উদ্দিন হাটহাজারী, মুফতি আরশাদ রহমানী, মাওলানা আব্দুল আউয়াল নারায়ণগঞ্জ, মাওলানা মাহফুজুল হক, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি মনির হোসাইন কাসেমী, মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, মাওলানা ইকরাম হুসাইন ওয়াদুদী, মাওলানা খুবাইব বিন তৈয়ব, মুফতি বশিরুল্লাহ, মুফতি কেফায়েত উল্লাহ আজহারী, মাওলানা সালাহউদ্দিন, মুফতি এনামুল হক কাসেমি প্রমুখ।
